ডাকসু নির্বাচনে যুক্ত হলো আরও ২ ভোটকেন্দ্র

ডাকসু নির্বাচনে যুক্ত হলো আরও ২ ভোটকেন্দ্র

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আরও দুটি নতুন ভোটকেন্দ্র যুক্ত করা হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

নতুন যুক্ত হওয়া কেন্দ্র দুটি হলো ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র। সেখানে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। অন্যটি ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ কেন্দ্র। সেখানে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

এই দুই নতুন কেন্দ্র যুক্ত হওয়ায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ৮টি। অন্য কেন্দ্রগুলো হলো-

কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল): ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হল।

শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল।

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং কক্ষ): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হল।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দীন হল ও শেখ মুজিবুর রহমান হল।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। এর আগে, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।