বীর মুক্তিযোদ্ধা ও প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

বীর মুক্তিযোদ্ধা ও প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক

বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ১৭তম মৃত্যুবার্ষিকী সোমবার (১ সেপ্টেম্বর)। তিনি একাধারে ছিলেন নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। তারই সুদূরপ্রসারী পরিকল্পনার ফসল আজকের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিককে বলা হয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার। কারণ, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নে গ্রামের অর্থনীতি গতিশীল করতে তিনি হাতে তুলে নিয়েছিলেন গুরুদায়িত্ব। শুরু করেছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো নির্মাণের কাজ।

কামরুল ইসলাম সিদ্দিক ১৯৪৫ সালের ২০ জানুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। পিতা কৃষিচিন্তক প্রয়াত নূরুল ইসলাম সিদ্দিক এবং রত্নগর্ভা মা বেগম হামিদা সিদ্দিকের দ্বিতীয় সন্তান সিদ্দিকের শৈশব ও শিক্ষা জীবনের প্রথম অধ্যায় কাটে লালন শাহ, রবীন্দ্রনাথ এবং মীর মশাররফ হোসেনের স্মৃতিধন্য কুষ্টিয়ায়।

মেধাবী কামরুল ইসলাম সিদ্দিক ১৯৬৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ সালে কুষ্টিয়া জেলা পরিষদে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে জীবন গড়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে হাতে তুলে নেন অস্ত্র। নয় মাস মুক্তি সংগ্রামে বিজয়ের পর নতুন করে শুরু করেন দেশ গড়ার সংগ্রাম।

১৯৭৭ সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এলজিইডির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রকৌশলী হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলস পরিশ্রম করে হয়ে ওঠেন অবকাঠামো উন্নয়নের প্রবাদ পুরুষ।

কামরুল ইসলাম সিদ্দিক ছিলেন দক্ষ ব্যবস্থাপক ও উদ্ভাবনী চিন্তায় পরিপূর্ণ একজন মানুষ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সভাপতি, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ডের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩-২০০৪ মেয়াদে গ্লোবাল ওয়াটার পার্টনারশিপের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রথম চেয়ারপারসন নির্বাচিত হন।

২০০৮ সালের আজকের দিনে (১ সেপ্টেম্বর) কর্মচঞ্চল এই মানুষটি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমৃত্যু নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন প্রচারবিমুখ এই মানুষটি। কামরুল ইসলাম সিদ্দিক তার কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকবেন দেশের মানুষের মাঝে।