পরিচালক জানালেন ‘জি লে জারা’ কবে শুরু হবে,

পরিচালক জানালেন ‘জি লে জারা’ কবে শুরু হবে,

সংগ্রহীত ছবি

চার বছর আগে ঘোষণা এসেছিল প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটির নাম ‘জি লে জারা’। এটি পরিচালনা করবেন ফারহান আখতার। 

কিন্তু চার বছর পেরিয়ে গেলেও সেই শুটিং এখনো শুরু করে উঠতে পারেননি পরিচালক। ছবির ভবিষ্যৎ নিয়ে অবশেষে মুখ খুললেন ফারহান।

 

এই ছবির শুটিং, প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল ২০২২ সালে, করোনার প্রকোপ কাটিয়ে ওঠার পর। কিন্তু, তা হয়নি। গুঞ্জন শোনা যায়, এই কাজ আর হবে না। কেন? তিন তারকা একসঙ্গে সময় দিতে পারছেন না, বলেই জানা গিয়েছিল।

সেই সঙ্গে পরিচালকও এখন মন দিয়েছেন ‘ডন ৩’ ছবির কাজে। 

তবে সম্প্রতি ফারহান নিশ্চিত করেছেন যে, আপাতত স্থগিত হলেও ছবি তৈরি হবেই।

এক অনুষ্ঠানে এসে ‘জি লে জারা’ নিয়ে চলতে থাকা সব গুঞ্জনের উত্তরে ফারহান বলেন, “ছবির কাজ বন্ধ হয়ে গেছে বলতে চাই না। যেটা বলতে পারি, তা হলো, আপাতত এর কাজ স্থগিত রাখা হয়েছে।

সিনেমাটা হবে।”

এরপর তিনি আরো বলেন, “চিত্রনাট্যটা ভীষণই লোভনীয়। অনেকটা কাজ এগিয়ে গেছে ইতিমধ্যেই। শুটিংয়ের জায়গা ঠিক করে ফেলেছি, গান রেকর্ড করা হয়ে গেছে। সবাই একত্রিত হয়ে বাকিটা করা এখন সময়ের অপেক্ষা।

প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া তিনজনকেই দেখা যাবে ছবিতে, এমন প্রশ্নে পরিচালকের ইঙ্গিত, এই প্রাথমিক কাস্টিংয়ে বদল হতে পারে। তিনি বলেন, “কারা অভিনয় করবেন, তা নিয়ে মন্তব্য করতে পারব না। জানি না, কবে সেটা নিশ্চিত হবে এবং কারা থাকবেন। কিন্তু, ছবিটা অবশ্যই তৈরি হবে।”

‘দিল চাহতা হ্যায়’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ধারা বজায় রেখে, তিন নারী চরিত্রের ভ্রমণ কাহিনি নিয়ে তৈরি হবার কথা সিনেমাটি।