ইতালীয় ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই

ইতালীয় ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই

জর্জিও আরমানি ছবি

ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও বিলিয়নেয়ার ব্র্যান্ড মালিক জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফ্যাশন প্রতিষ্ঠান ‌‘আরমানি’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, ‘আরমানি গ্রুপ অত্যন্ত দুঃখের সঙ্গে তার স্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং চালিকাশক্তি জর্জিও আরমানির মৃত্যুর খবর জানাচ্ছে।’

তিনি বাড়িতেই মারা গেছেন এবং সে সময় প্রিয়জনরা তার পাশে ছিলেন বলে জানিয়েছে তার ফ্যাশন হাউস। 

আরমানি ইতালীয় স্টাইল ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তিনি আধুনিক প্রজন্মের নারী ও পুরুষের পোশাক সামগ্রীকে নতুন আঙ্গিকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন।

আরমানি তার স্বতন্ত্র শৈলীর জন্য পরিচিত ছিলেন। তার মার্জিত পোশাক, আধুনিক নকশা এবং উচ্চ মানের উপকরণের ব্যবহারের জন্য পরিচিত ছিল।

জর্জিও আরমানির নিজের নামের ব্র্যান্ডটি যাত্রা শুরু করে ১৯৭৫ সালে। ফ্যাশন জগতে নতুনত্ব আনা আরমানি ‘কিং অব দ্য ব্লেজার’ উপাধি পান।

‘আমেরিকান গিগোলো’ চলচ্চিত্রে রিচার্ড গিয়ার আরমানির ডিজাইন করা কয়েকটি পোশাক পরলে ব্র্যান্ডটি ১৯৮০ সালে প্রথমবারের মতো বৈশ্বিক পরিচিতি পায়।

১৯৩৪ সালে উত্তর ইতালির পিয়াচেঞ্জায় জন্মগ্রহণ করেন আরমানি। তিনি প্রথমে চিকিৎসাবিদ্যায় তার কর্মজীবন শুরু করেন। তারপর সেনাবাহিনীতে যোগ দিতে ডিগ্রি শেষ করার আগেই মিলান বিশ্ববিদ্যালয় ছেড়ে যান। এর কিছুদিন পরই আরমানি ভিন্ন ধরনের পেশা খুঁজতে শুরু করেন।