শাহজাহানপুর ঝিলপাড়ে গোলাগুলি, আহত ২
প্রতিকী ছবি
রাজধানীর শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিশাল (২৬) ও রবিন (২৬) নামে দুই যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা শাহজাহান জানান, শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে তিন-চারজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিশালের বুকে ও রবিনের পিঠে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজাহানপুর ঝিলপাড় থেকে গুলিবিদ্ধ দুইজন হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এই গোলাগুলি হয়েছে।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার জানান, এ ঘটনাটি শাহজাহানপুর থানা দক্ষিণ খিলগাঁও এলাকায় ঘটে। আহত রবিন পেশাদার ছিনতাইকারী, তার নামে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বাসা শাহজাহানপুর বাগিচা এলাকায়। আর বিশাল পেশায় লেগুনাচালক, তার বাড়ি সবুজবাগ মাদারটেক এলাকায়।
তিনি আরও বলেন, রাতে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে শান্ত নামে আরেক যুবকের সঙ্গে তাদের দ্বন্দ্ব বাধে। কয়েকদিন আগে রবিন ও বিশাল মিলে শান্তকে কুপিয়ে আহত করেছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বিশালের পেটের ডান পাশে ও রবিনের পেটের বাম পাশে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।