আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার

আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিকি ছবি

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলী ও মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টার সময় দলটির আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর শ্যামলীর শিশুমেলার সামনে ঝটিকা মিছিলের চেষ্টার সময় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ওই সময় নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গ্রেপ্তারদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে জানায় পুলিশ। অপরদিকে গতকাল ভোরে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তিনজনকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো ও দাউদকান্দি প্রতিনিধি জানান, চট্টগ্রাম ও কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি মিছিল থেকে গতকাল ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজনকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দাউদকান্দিতে পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।