ঈদের আগে আবারও কমলো স্বর্ণের দাম
ছবিঃ সংগৃহীত।
ঈদের আগে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় বাজুস। নতুন এ দাম কার্যকর হবে এদিন সকাল ১০টা থেকে।
এতে বলা হয়, তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভা থেকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। তবে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও সেই পরিমাণ দাম কমানো হলো।
নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ২১ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ নিয়ে এ বছর ৬৮ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম।