ঘুরতে গিয়ে গহীন পাহাড়ে হারিয়ে যায় ৭ ছাত্র

ঘুরতে গিয়ে গহীন পাহাড়ে হারিয়ে যায় ৭ ছাত্র

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুরতে গিয়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর ৭ ছাত্রকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তাদের উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টায় জঙ্গল জলদি ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন মাহতাব মনজুর, আবরার উদ্দীন ইশরাফ, আখতারুজ্জমান, কিশোর দাশ, আলজাওয়হরি, মো. জিনান ও মো. সাঈদ।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তিনটি গ্রুপ হয়ে রাতভর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, সবার প্রচেষ্টায় নিখোঁজ ৭ ছাত্রকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। 

তিনি আরও বলেন, ওই ৭ ছাত্রকে অপহরণ করা হয়নি। তারা পথভুলে গহীন পাহাড়ে হারিয়ে গিয়েছিল।