ধূমপানের জন্য দাঁত হলুদ হয়ে গেছে? কীভাবে দূর করবেন

ধূমপানের জন্য দাঁত হলুদ হয়ে গেছে? কীভাবে দূর করবেন

ছবি: সংগৃহীত

একজন মানুষের সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে থাকে হাসি। সাদা ঝকঝকে দু পাটি দাঁতের হাসি যেকোনো ব্যক্তির আত্মবিশ্বাস, সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। তবে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন না অনেকে। 

অনেক অভ্যাসের কারণেই দাঁতে হলদেটে ভাব দেখা যায়। এর মধ্যে ধূমপানের অভ্যাস অন্যতম। দীর্ঘদিন ধূমপান করলে এর ক্ষতিকর প্রভাব পড়ে দাঁতে। সিগারেটে প্রচুর পরিমাণ নিকোটিন থাকে। যা দাঁতের ওপর হলদে আস্তরণ ফেলে দেয়। তাই ধূমপান যত দ্রুত ছাড়বেন, ততই মঙ্গল। এরপরও দাঁত হলুদ হলে কী করে তা দূর করবেন? জানুন তার উপায়-

লেবু 

প্রতিদিন ব্রাশ করার পর দাঁতে এক টুকরো লেবু নিয়ে ঘষতে থাকুন। এতে আপনার দাঁত পরিষ্কার হবে, দাঁতের রংও ফিরবে।

লবণ 

কেবল লেবু নয়, লবণও দাঁত পরিষ্কার করতে ভালো কাজ করে। দাঁত মাজা হয়ে গেলে আঙুলের ডগায় অল্প লবণ নিয়ে দাঁতে ঘষে নিন। এতে দাঁতের গোড়া শক্ত ও মজবুত হবে। দাঁতের রংও হবে ঝকঝকে।

কলার খোসা 

কলা খাওয়ার পর যে খোসা ফেলে দেওয়া হয় সেটিই দাঁতের হলদেটে ভাব দূর করতে দারুণ কাজ করে। কলার খোসা নিয়ে ৫ মিনিট ধরে দাঁতে ঘষুন। ৭ দিনের মধ্যে দাঁতের রঙে পরিবর্তন দেখতে পাবেন।

বেকিং সোডা 

দাঁত সাদা করার আরও একটি কার্যকরী উপাদান হলো বেকিং সোডা। টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন এবং সেটি দিয়ে দাঁত ব্রাশ করুন। অল্প সময়েই দাঁতের হারানো জেল্লা ফিরে আসবে। 

নারকেল তেল ও হলুদ গুঁড়ো 

শুনে অদ্ভুত লাগলেও হলুদের গুঁড়োর সাহায্যেই দাঁতের হলুদভাব দূর করতে পারবেন। এক চামচ নারকেল তেলের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে ব্রাশ করুন। মিনিট পাঁচেক ব্রাশ করার পর সালফেটহীন মাজন দিয়ে ব্রাশ করে নিন। দাঁত হবে চকচকে।

দৈনিক দুইবার ব্রাশ করুন 

প্রতিদিন দুই বেলা করে ব্রাশ করার অভ্যাস করুন। খাওয়ার পর অনেকসময় দাঁতের গোড়ায় ও মাড়িতে অনেক সময় খাবারের টুকরো লেগে থাকে। যা পরবর্তীতে পচে গিয়ে দাঁতের ওপর হলুদ আস্তরণ ফেলে দেয়।