বিএনপি গণতন্ত্রমুখী নির্বাচনে বিশ্বাসী দল : মো:আবুল কালাম

বিএনপি গণতন্ত্রমুখী নির্বাচনে বিশ্বাসী দল : মো:আবুল কালাম

সংগ্রহীত ছবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম (চৈতী কালাম) বলেছেন, বিএনপি গণতন্ত্রমুখী দল, নির্বাচনে বিশ্বাসী দল। ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশে ভোটের আগের রাতেই ভোট নিয়ে গেছে। এমনকি বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছি।

 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক। এই ৩১ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন। দেশ নেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন, আমরা তার জন্য কাজ করব।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্যা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।

 

আবুল কালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করতে হবে।

 

তিনি বলেন, এ ৩১ দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির মুক্তির সোপান। এই দফাগুলোর বাস্তবায়নই পারে দেশের জনগণকে বর্তমান দুঃশাসন, দুর্নীতি ও অব্যবস্থাপনা থেকে মুক্তি দিতে।

তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই—যেখানে থাকবে সুশাসন, ন্যায়বিচার ও নাগরিকের অধিকার।

 

উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে জনসমাবেশে আরো বক্তব্য দেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নূর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক ও লাকসাম উপজেলা বিএনপির সদস্য ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক প্রমুখ। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

একইদিন সকাল থেকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লাকসাম ও মনোহরগঞ্জে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন আবুল কালাম।