পনির আলুর নিরামিষ রেসিপি

পনির আলুর নিরামিষ রেসিপি

ছবি: সংগৃহীত

সবসময় মাছ-মাংস খেতে ভালো লাগে না। মাঝেমধ্যে নিরামিষ কোনো পদ হলেও খাবার আয়োজন জমজমাট হয়ে ওঠে। এমনই একটি মজার খাবার পনির আলুর নিরামিষ তরকারি। কীভাবে এটি রান্না করবেন জানুন রেসিপি- 

উপকরণ

পনির- ২৫০ গ্রাম
আলু- পনিরের সমপরিমাণ
টমেটো- মাঝারি সাইজের একটা
টক দই- আধা কাপ
আদা বাটা- ১ চা চামচ
লবণ- পরিমাণমতো
হলুদ- ১ চা চামচ বা পরিমাণমত
মরিচ গুঁড়া- ঝাল অনুযায়ী
ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ
জিরা গুঁড়া- ১ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
আস্ত জিরা- আধা চা চামচ 
ধনেপাতা- ইচ্ছেমতো
তেল- ৩/৪ টেবিল চামচ
চিনি- এক চা চামচ

প্রণালি 

পনির পছন্দ অনুযায়ী টুকরো করে হলুদ আর অল্প করে লবণ মিশিয়ে হালকা করে তেলে ভেজে নিতে হবে। 

এরপর বাকি তেলে প্রথমে জিরা ফোড়ন দিতে হবে। আলু টুকরো করে এর মধ্যে দিয়ে লবণ, হলুদ মিশিয়ে অল্প আঁচে ভাজতে হবে। বেশ লাল হয়ে এলে পেস্ট করা টমেটো আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 

একটা বাটিতে টক দই, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ (যদি প্রয়োজন হয়) আর অল্প চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটি আলুর মধ্যে দিয়ে আবারও রান্না করতে হবে। 

আলু সিদ্ধ করে তেল উপরে উঠে এলে ঝোলের জন্য পানি দিতে হবে, তাই প্রয়োজন অনুযায়ী পানিটা দিতে হবে। অতিরিক্ত দেয়ার দরকার নাই। 

ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পনির, ধনেপাতা আর গরম মসলা গুঁড়া দিয়ে ৪/৫ মিনিট রান্না করে নামিয়ে নিলেই হবে। গরম ভাতের সঙ্গে এভাবে রান্না করা পনির আলুর নিরামিষ খুব ভালো লাগে।