মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর জখম

মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর জখম

প্রতিকি ছবি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের এলোপাথাড়ি ছুরিকাঘাতে বাবু (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বাবা আবুল কাশেম (৬৫)। 

সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকাড বি-ব্লকের তিন নম্বর রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাদেরকে (ছেলে ও বাবা) উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহত আবুল কাশেমকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশংকাজনক। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন, যতোটুকু প্রাথমিকভাবে জানাগেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সন্ধ্যায় একবার হাতাহাতির ঘটনা ঘটে। পরে আবার প্রতিপক্ষরা এসে বাসার সামনে গিয়ে বাবা ছেলেকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।