যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের বড় জয়

যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের বড় জয়

সংগ্রহীত ছবি

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সমিতির ১৩ পদের মধ্যে ১১টিতে বিজয়ী হয়েছেন এ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে দুজন সদস্য নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সমিতির এক নম্বর ভবনে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে নির্বাচন।

ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. মোহসীন আলী।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, তিনি পেয়েছেন ৩৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই দলের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. এম এ গফুর।

ফলাফলে দেখা গেছে, সভাপতি পদে পরাজিত জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাড. আব্দুল লতিফ ১৭১ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী আবু মোর্ত্তজা ছোট ১৫৪ ভোট ও কাজী রেফাত রেজওয়ান সেতু ৮২ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. গোলাম মোস্তফা (৩৫৭ ভোট) ও বাসুদেব বিশ্বাস (২৪৯ ভোট)। যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন অ্যাড. নূর আলম পান্নু (৩৪৯ ভোট), সহকারী সম্পাদক পদে অ্যাড. সেলিম রেজা (৩৩৭ ভোট) ও অ্যাড. রিনা আখতার মিলি (২৯৪ ভোট)। গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. কামরুল হাসান সোহেল (২৫০ ভোট)।

কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন অ্যাড. রেহেনা পারভীন (৩৫৫ ভোট), মুন্সি মঞ্জুরুল মাহমুদ লিটু (৩১৮ ভোট), মওলুদা পারভীন (৩১৮ ভোট), আজাহারুল ইসলাম (২৬০ ভোট) ও শফিকুল ইসলাম (২৫৯ ভোট)।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. মোহসীন আলী জানান, মোট ৫৩৬ ভোটারের মধ্যে ৫২০ জন ভোট দিয়েছেন। তিনি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার জন্য ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।