বালাইনাশক ঝুঁকি হ্রাসে বাকৃবিতে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
সংগৃহীত
ময়মনসিংহে কৃষিক্ষেত্রে বালাইনাশক বা পেস্টিসাইডের ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক কর্মশালা ও ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদীয় ডিন অফিসের সম্মেলন কক্ষে ওই কর্মশালাটি শুরু হয়।
ক্যাব-ই এর ‘প্ল্যান্টওয়াইজ প্লাস’ প্রোগ্রামের আওতায় ওই অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মশালায় ময়মনসিংহ অঞ্চলের শতাধিক প্রগতিশীল কৃষক প্রতিনিধি ও বালাইনাশকের ডিলারগণ এতে অংশ নেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কীট তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। কর্মশালাটি ‘পেস্টিসাইড রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি’ বা বালাইনাশক ঝুঁকি প্রশমন কৌশলের ওপর ভিত্তি করে সাজানো হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও পরিবেশ রক্ষায় বালাইনাশকের সঠিক ও পরিমিত ব্যবহারের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় ৩টি মূল বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে কৃষকদের মাঝে বিতরণের জন্য প্রস্তুত করা সচেতনতামূলক লিফলেট, ভিডিও ও পোস্টার কতটা কার্যকর তা যাচাই করার বিষয়টি আলোচিত হয়।
পাশাপাশি লিঙ্গ ও বয়সভেদে বিভিন্ন শ্রেণির মানুষের কাছে তথ্য আরো সহজ ও কার্যকরভাবে পৌঁছাতে প্রচারণামূলক উপকরণ পরিমার্জনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়া বালাইনাশকের অপব্যবহারজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মাঠ পর্যায়ের কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সচেতন ও সংবেদনশীল করে তোলার ওপর জোর দেওয়া হয়।