রাজশাহীতে ট্রেনের নিচে পড়ে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি।
রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে রুপা খাতুন (২৩) নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুপা খাতুন রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের মো. অনিকের স্ত্রী।
রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রনি সাহা জানান, অনিক ঢাকায় একটি ফার্নিচারের প্রতিষ্ঠানে চাকরি করেন। বিকালে ঢাকায় যেতে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দেয়। অনিক আগে উঠে গিয়ে স্ত্রীর হাত ধরে ট্রেনে উঠাচ্ছিলেন। তখন তার স্ত্রী হাত থেকে ছুটে গিয়ে ট্রেনের নিচে ঢুকে যান। তাৎক্ষণিক অনিকও চলন্ত ট্রেন থেকে নেমে যান। এরপর ট্রেনটি চলে গেলে রুপাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় রুপার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি পা ও মাথায় গুরুতর আঘাত পান। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।