বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

সংগৃহীত ছবি

জাটকা সংরক্ষণে বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

মঙ্গলবার হিজলা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল সহায়তা করে।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে কারেন্ট জাল ব্যবহার করে মেঘনা নদীতে মাছ শিকার করছে। এতে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকে পড়ে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও জানান, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযানে এক লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ইলিশসহ দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।