উত্তরায় অগ্নিকাণ্ডে নিহতদের কুমিল্লার বাড়িতে দাফন

উত্তরায় অগ্নিকাণ্ডে নিহতদের কুমিল্লার বাড়িতে দাফন

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিনজনকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে দাফন করা হয়েছে। আজ শনিবার তাদের জানাজার নামাজ শেষে পারিবারিব কবরস্থানে দাফন করা হয়। 

‎নিহতরা হলেন— উপজেলা চিওড়া কাজী বাড়ির কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছরের একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান। এদিকে, নিহতদের বাড়িতে এখনও স্বজনদের মাঝে মাতম চলছে।

‎নিহতের ফুপাতো ভাই কাজী নাহিদ জানান, ফজলে রাব্বি উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া ঐতিহ্যবাহী কাজীবাড়ির সন্তান। কুমিল্লা শহরেও তাদের বাড়ি রয়েছে। রাব্বি ও তার স্ত্রী আফরোজা আক্তার ঔষধ কোম্পানিতে কর্মরত ছিলেন। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে মোট ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। এই ছয়জনের মধ্যে তিনজন চৌদ্দগ্রামের রাব্বির পরিবার।