বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি যুবকের কর্মসংস্থান করা হবে: টুকু

বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি যুবকের কর্মসংস্থান করা হবে: টুকু

সংগৃহীত ছবি

জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলের প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সেই সাথে শিক্ষিত যুবকরা কর্মসংস্থান না পেলে এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ স্মৃতি উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পিঠা উৎসবে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান।

সালাউদ্দিন টুকু বলেন, জনগণের জন্য কাজ করতে হলে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হতে বেকারত্ব দূর করতে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান যেন সুষ্ঠুভাবে পরিচালিত সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের সন্তান হিসেবে এমন উদ্যোগ নেবেন, যাতে জেলার কোনো যুবক বেকার না থাকে। এখানকার মানুষের উন্নয়নে একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা হবে। যাতে করে নাগরিকদের নিরাপত্তা নিয়ে কাউকে উদ্বিগ্ন হতে না হয়।

অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুল আহসান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও রাফেল ড্র-এর পুরস্কার প্রদান করা হয়।