হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন

সংগৃহীত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আয়োজিত এই সেমিনার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাচন ও মনিটরিং কমিটির চেয়ারম্যান ও জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এ সায়েন্টিফিক সেমিনারে আমন্ত্রিত ও অংশগ্রহণকারী গবেষকরা মোট ২০টি গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের সহযোগী পরিচালক ড. এমেলী আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবেদ চৌধুরী বলেন, হবিগঞ্জ ধান, চা ও আগরের জন্য বিশেষভাবে পরিচিত। জেলার চা ও অত্যন্ত দামী আগর নিয়ে আরও গভীর ও লক্ষ্যভিত্তিক গবেষণার প্রয়োজন রয়েছে।

তিনি এ ক্ষেত্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং দ্বিতীয়বারের মতো সায়েন্টিফিক সেমিনার আয়োজনের জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। প্রথম দিনের প্রথম অধিবেশনে সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. মাহবুবা জাহান। এ অধিবেশনে মডারেটরের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রপ প্রোডাকশন বিভাগের সহকারী অধ্যাপক ড. জান্নাত সোপান।

প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে সেশন চেয়ার ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৌলভিবাজার আঞ্চলিক কেন্দ্রের চিফ সায়েন্টিফিক অফিসার ড. মাহমুদুল ইসলাম নজরুল। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্লান্ট সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুবকর সিদ্দীক।

প্রথম দিনের অধিবেশনগুলোতে কৃষি, পরিবেশ, প্রাণিস্বাস্থ্য ও সামাজিক বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ গবেষণা উপস্থাপন করা হয়। গবেষণাগুলোতে ফসলের রোগ ও পোকামাকড়ের জৈবিক প্রক্রিয়া, টেকসই কৃষি ব্যবস্থায় উৎপাদন বৃদ্ধি ও মাটির উর্বরতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের ফলন ও গুণগত মান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কৃষি রোগ শনাক্তকরণ, প্রাণিসম্পদের পুষ্টি ও প্রজননস্বাস্থ্য, সংক্রামক ও পরজীবীজনিত রোগের বিস্তার এবং নগর সমাজে কিশোর অপরাধের মতো সামাজিক চ্যালেঞ্জ নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়।

দুই দিনব্যাপী এ সায়েন্টিফিক সেমিনারের পৃষ্ঠপোষকতা করছে পূবালী ব্যাংক পিএলসি।