মেক্সিকোতে শিক্ষা সচিবের পরিবারের দুই সদস্যকে হত্যা
ছবিঃ সংগৃহীত।
মেক্সিকোর পশ্চিম রাজ্য কোলিমায় শিক্ষা সচিবের পরিবারের দুই সদস্যকে হত্যার ঘটনায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্দেহভাজন তিনজনের মৃত্যু হয়েছে।রবিবার (১ ফেব্রুয়ারি) রাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রসিকিউটরের অফিস জানিয়েছে, বিকেলে কর্মকর্তারা সন্দেহভাজনদের গাড়িটি কোলিমার একটি বাড়িতে অবস্থানের পর অভিযান চালায়। এসময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলা চালায় তারা।
এসময় উভয়পক্ষের গুলিতে বন্দুকযুদ্ধে তিনজনের মৃত্যু হয়। যারা দেশটির জনশিক্ষা সচিব মারিও দেলগাডোর খালা এবং চাচাতো ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। তদন্তকারীরা সন্দেহভাজনদের বাড়িতে অস্ত্র এবং পোশাক খুঁজে পেয়েছেন যা জোড়া গুলি চালানোর সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে। তবে সন্দেহভাজনদের গুলি চালানো কিংবা অন্য সন্দেহভাজনদের খুঁজছে কিনা তা নিশ্চিত করা হয়নি।
এদিকে স্থানীয় সময় শনিবার জনশিক্ষা সচিব মারিও দেলগাডোর এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সকালে কোলিমায় ঘটে যাওয়া ঘটনায় গভীর শোক, ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করছি। যেখানে আমার খালা ইউজেনিয়া ডেলগাডো এবং আমার চাচাতো ভাই শিলাকে তাদের বাড়িতেই নির্মমভাবে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ডেলগাডোকে দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম শিক্ষা সচিব হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি এর আগে ক্ষমতাসীন মোরেনা দলের জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত কোলিমা দেশের সবচেয়ে সহিংস রাজ্যগুলোর মধ্যে একটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, ২০২৩ এবং ২০২৪ সালে মেক্সিকোতে সর্বোচ্চ হত্যার হার রেকর্ড করা হয়েছিল।