চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে এক কেজি তিন শ ৭০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আরিফ হোসেন (৪৮) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে আদেশ ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল হক (৩৫) নামে অপর আসামিকে বেকসুর খালাস দেয় আদালত।

দণ্ডিত আরিফ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউন্যিযনের নামোজগন্নাথপুর দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ‘২০২৩ সালের ১১ মার্চ র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে নিজবাড়ি থেকে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন রুবেল। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় একমাত্র তাকে আসামি করে মামলা করেন র‌্যাবের তৎকালীন এসআই লূৎফর রহমান।’

২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন এসআই এসলাম আলী দুজনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট দাখিল  করেন।

৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আাদালত সোমবার একমাত্র আরিফকে দোষী সাব্যস্ত করে মামলার সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আখতারুজ্জামান জুয়েল।