চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ বাবলার দুই সহযোগী গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রামে নিহত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) ও আবুল কালাম আজাদ (৬২)।
নগরীর বায়োজিদ লিংক রোডের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, ইকরাম নিহত বাবলার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি ম্যাক্সন ও ফিরোজ নামের আরও দুই সন্ত্রাসীর সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থান করে তিনি বায়োজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার ব্যবসায়ীদের কাছে বিদেশি নম্বর ও ইন্টারনেট কলের মাধ্যমে চাঁদা দাবি করতেন।
একসময় ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে র্যাব। অপরদিকে, আবুল কালাম আজাদ ইকরামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চাঁদার টাকা আদায় ও ব্যক্তিগত গাড়িচালকের দায়িত্ব পালন করতেন।
ইকরামের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও চক্রের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে।