গাইবান্ধায় ১৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার
প্রতিকি ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ রাসেল শেখ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার রাসেল শেখ গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এর আগে বুধবার বিকেলে উপজেলার কোচাশহর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি গাইবান্ধার একটি দল কোচাশহর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাসেল শেখের বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা পলিথিনে মোড়ানো ১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।
সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবৈধ মাদক সংরক্ষণ করে রেখেছিলেন রাসেল শেখ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় ওই দিন রাতেই গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।