আজ ফরিদুর রেজা সাগরের জন্মদিন

আজ ফরিদুর রেজা সাগরের জন্মদিন

সংগৃহীত ছবি

ছোটকাকুর স্রষ্টা এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ ২২ ফেব্রুয়ারি। একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং প্রযোজক ও কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী ব্যক্তিত্বের জন্ম ১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি। 
 
ছোটবেলা থেকে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, চাঁদের হাট এবং বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই শিশু-কিশোর উপযোগী বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন সাগর। প্রায় দেড় শ বইয়ের লেখক সাগর লিখেছেন মুক্তিযুদ্ধের গল্প, রহস্য উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি ও স্মৃতিকথা।

‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ তাঁর বিখ্যাত একটি বই। 

ফরিদুর রেজা সাগরের মা রাবেয়া খাতুন স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক। বাবা ফজলুল হক দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক-প্রকাশক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর নির্মাতা। এ মাসেই প্রকাশিত হতে যাচ্ছে শতজনকে নিয়ে তাঁর লেখা স্মৃতিকথামূলক গ্রন্থ ‘প্রিয়জন আপনজন’।