‘ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ’: আলহাজ্ব আমান উল্লাহ আমান
সংগৃহীত ছবি
সাবেক ডাকসুর ভিপি ও ঢাকা–২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, ‘ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ’ বর্তমান সরকারের নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক ও মানবিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আগামী দিনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দেশে স্বস্তির পরিবেশ বজায় রাখা এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় সরকার কাজ করবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভাষা আন্দোলনে অনেক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলাদেশ।
জুলাই আন্দোলনে দেশের জন্য রিয়াজ, আবু সাঈদ, ওয়াসিমরা শহীদ হয়েছে।
আমান উল্লাহ আমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠতায় বিজয়ী হয়ে আমাদের আশা পূরণ করে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। আমরা চাই, একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠুক।
তিনি আরো বলেন, দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট শাসনের যাতাকলে থেকে একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত।
আমান আরো বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানে যেভাবে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি আগামী দিনেও সব রাজনৈতিক দল ও শ্রেণি–পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।’ বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আক্তার জাকসি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান ও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির অঙ্গ–সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক পুষ্প অর্পণের মাধ্যমে যথাযথ মর্যদায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।