সুন্দরবনে দস্যুতা দমনে অগ্রাধিকার ভিত্তিতে অভিযান: পরিবেশ ও বন প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
সুন্দরবন সুরক্ষায় দস্যুতা দমন ও বিষ প্রয়োগ বন্ধ করতে অগ্রাধিকার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে যেসব কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত হাতে নেওয়া হবে এবং বাস্তবায়ন করা হবে তা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপণ, প্লাস্টিক দূষণ রোধ, সুন্দরবন সুরক্ষায় দস্যুতা দমন ও বিষ প্রয়োগ বন্ধ করা হবে।’
রবিবার বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কর্মপরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশবাসীর কাছে কমিটমেন্ট করেছিলাম, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করব। এতে প্রতিবছর আমাদের পাঁচ কোটি করে গাছ লাগাতে হবে। এ কাজটি আমরা অগ্রাধিকার ভিত্তিতে করব। আগামী ১৫ দিনের মধ্যে এই বৃক্ষ রোপণের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।’
প্লাস্টিক দূষণ নিয়ে দেশে বর্তমানে মারাত্মক সমস্যা হচ্ছে উল্লেখ করে শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘‘ঢাকাসহ বড় বড় শহরে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তার কারণ ‘ওয়ান টাইম প্লাস্টিক’। বিগত বিএনপি সরকারের আমলে এটি নির্মূল করা হয়েছিল। আবার আস্তে আস্তে এটি ছত্রাকের মতো ছড়িয়ে পড়ছে। এটি নিয়েও আমরা পরিকল্পনা করছি এবং দ্রুত কাজ শুরু করব।’’
সুন্দরবন সুরক্ষার বিষয়ে তিনি বলেন, ‘সম্প্রতি পাঁচটি বাহিনী জেলেদের অপহরণ করছে, মুক্তিপণ দাবি করছে। এতে জেলেরা অসহায় হয়ে পড়েছেন। তারা ভয়ে সাগরে যেতে চাচ্ছেন না। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করছি। দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার রোধে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সকল কর্মকর্তাদের নিয়ে পরিকল্পনা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিষ প্রয়োগ বন্ধ করতে যথাসম্ভব চেষ্টা করব। বিষের কারণে সামগ্রিক মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। বিষের কারণে আমিষের জোগানে ঘাটতি সৃষ্টি করতে পারে।
ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, ‘আমাকে যে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি যথাযথভাবে পালন করব। আশা করি, আমার দায়িত্ব পালনের মধ্যদিয়ে দেশ ও মানুষ উপকৃত হবে।’
লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন। তিনি ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনে বাগেরহাট-৩ আসন (মোংলা-রামপাল) থেকে বিপুল ভোটে জামায়াতের প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন।