লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রতিকি ছবি
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টাক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর থানায় খবর দেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক তদন্তের অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, লাশে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না কি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত হওয়া যাবে।