বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিকী ছবি

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন। পাশাপাশি গাড়ির চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনহাটের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।

স্থানীয়রা জানান, বরিশাল থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বরিশালমুখী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের চারজন সদস্যের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। সিএনজি চালক ও ওই পরিবারের অন্য দুই সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করেন।