ব্যাংকে সন্দেহজনক ঘোরাঘুরি, আটক তিন ‘ছিনতাইকারী’

ব্যাংকে সন্দেহজনক ঘোরাঘুরি, আটক তিন ‘ছিনতাইকারী’

প্রতিকি ছবি

পটুয়াখালী শহরের সোনালী ব্যাংক নিউ টাউন শাখায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ব্যাংকের ভেতরে গ্রাহকদের টার্গেট করে অবস্থান নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, খুলনা রূপসা এলাকার মো. ঝন্টু শেখ (৪৮), বাগেরহাটের মংলা এলাকার রবি হাওলাদার (৪৯) এবং খুলনা মডেল থানা এলাকার মো. দেলোয়ার হোসেন (৬২)।

জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি চক্র ব্যাংকে আসা গ্রাহকদের টার্গেট করে ভেতরে অবস্থান নেয়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সাদা পোশাকে ব্যাংক এলাকায় অবস্থান করছিল পুলিশ সদস্যরা। পরে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজের সঙ্গে চেহারা মিলিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
 
পটুয়াখালী সোনালী ব্যাংকের নিউটাউন শাখার প্রধান মো. কাউসার মোল্লা বলেন, ঈদ সামনে রেখেই এসব চক্র সক্রিয় হয়ে ওঠে। ব্যাংকের মধ্যে সন্দেহজনকভাবে কিছু ব্যক্তির চলাফেরা লক্ষ্য করে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ সদস্যরা ব্যাংকের ভেতরে প্রবেশ করে সব দরজা বন্ধ করে দিলে অভিযুক্তরা ছোটাছুটি করতে থাকে। তখন তাদের আটক করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান বলেন, ঈদকে সামনে রেখে ব্যাংকপাড়ায় পুলিশের বাড়তি নজরদারি থাকায় ছিনতাইয়ের আগেই তাদের আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।