সাভারের মহাসড়কে ঈদযাত্রায় তিন স্তরের নিরাপত্তা: এমপি সালাউদ্দিন বাবু
সংগৃহীত ছবি
আসন্ন ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সাভার ও আশুলিয়া মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে।
সেই সঙ্গে ব্যস্ততম মহাসড়কে পুলিশ বিশেষ এস্কট সেবা চালু করছে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
মঙ্গলবার বিকেলে সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সিটি সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওবাইদুর রহমান অভি। এ সময় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন বাবু বলেন, ঢাকা-১৯ চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ব্যাবসাবান্ধব এলাকায় রূপান্তর করা এখন সময়ের দাবি। এ সময় তিনি এলাকার ফুটপাত হকারমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রত্যাশা এলাকা শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ থাকবে। যেখানে কেউ ভয়ভীতি বা অবৈধ চাঁদাবাজির শিকার হবে না। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সাভার সিটি সেন্টার মার্কেট পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজখবর নেন এবং সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।