গাজীপুরে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, নিহত ২

গাজীপুরে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, নিহত ২

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর পূবাইলে কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেল লাইনে পূবাইল বাজার লেভেল ক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা। নিহতরা হলেন- পূবাইল মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. সজিব মিয়া (৪০) এবং সাতানিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. শেখ হাবিব ওরফে বাপ্পী (৩৫)।

 

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শেখ হাবিব মোটরসাইকেল চালিয়ে সজিবকে সঙ্গে নিয়ে পূবাইল বাজারের দিকে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে লেভেল ক্রসিংয়ে পৌঁছে  গেট বন্ধ দেখতে ব্যারিয়ার উঁচু করে ঝুঁকি নিয়ে রেল লাইন পার হওয়ার চেষ্টা করেন তারা। ওই মুহূর্তে চট্টগ্রামগামী একটি কন্টেইনারবাহী ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।