শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

প্রতিকি ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪,৩৬৪ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। সোমবার সকালে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় ঐ যাত্রীর ব্যাগে ইয়াবা পাওয়া যায়।

আটক যাত্রী সাইদুল ইসলাম ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকার বাসিন্দা। তিনি সৌদি আরবগামী ফ্লাইটে যাত্রার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

আনসার ব্যাটালিয়ন জানায়, হেভি লাগেজ গেইট-৪ দিয়ে প্রবেশের পর নির্ধারিত কাউন্টারে চেক-ইন সম্পন্ন করে তিনি বোর্ডিং ব্রিজ নং সি২-তে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির জন্য যান। ব্যাগ স্ক্যানিংয়ের সময় আনসার ব্যাটালিয়নের এক সদস্য ব্যাগটি সন্দেহজনক মনে করলে সিকিউরিটি সদস্যকে তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু পাওয়া যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ট্যাবলেটগুলো গণনা করে মোট ৪,৩৬৪ পিস ইয়াবা জব্দ করেন।

পরে এয়ারলাইন্স কর্তৃপক্ষ আটক যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে এভসেক কর্তৃপক্ষের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে।