বুর্জ খলিফার কাছেই দুবাইয়ের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে ড্রোন হামলা

বুর্জ খলিফার কাছেই দুবাইয়ের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে ড্রোন হামলা

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের নগরী দুবাইয়ের গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারে ইরানের একটি কামিকাজে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার সকালে এই হামলার পর দুবাই শহরের আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। শহরটির গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক এলাকায় ইরানের ড্রোন হামলার পর ধোঁয়ার বড় কুণ্ডলী শহরের আকাশে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে বিস্ফোরণের জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পেছনে দুবাইয়ের বিখ্যাত ভবন বুর্জ খলিফা দেখা গেছে। অবশ্য এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আমিরাতের কর্মকর্তারা বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন প্রতিহত করার সময় তার ধ্বংসাবশেষ একটি ভবনের বাইরের অংশে পড়ে সামান্য ক্ষতি করেছে।

দুবাই কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, একটি লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে এর ধ্বংসাবশেষের কারণে একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষতি হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আর্থিক প্রতিষ্ঠানে ইরান হামলার হুমকি দেওয়ার পর দুবাইয়ের কিছু ব্যাংক তাদের কর্মীদের অফিস খালি করার নির্দেশ দিয়েছে।

যতই সময় গড়াচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এতে করে গোটা অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে।