নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত, দগ্ধ ১
প্রতিকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুর্ঘটনায় মোট ৪ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো ১ জন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় নির্মাণাধীন তিনতলা ভবনে থাই গ্লাসের কাজ করার সময় ভবনের মালিক আফরান মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার ছেলে লিয়ন মোল্লা ও থাই মিস্ত্রি সাদিকুল ইসলাম দগ্ধ হন।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে রাত ৭টার দিকে সাদিকুল ইসলাম মারা যান। দগ্ধ লিয়ন মোল্লা এখনও চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
রূপগঞ্জ থানার ওসি সবুজেল হোসেন বলেন, ‘ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে এই দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে একইদিনে বিকেলে পূর্বাচল জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১৬ নম্বর সেক্টরের ৫০৩ নম্বর সড়কে নির্মাণাধীন নয়তলা ভবনের ছয়তলায় প্লাস্টারের কাজ করার সময় দুই রাজমিস্ত্রি রশি ছিঁড়ে পড়ে নিহত হন।
নিহতরা হলেন— কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা গ্রামের মৃত অবরুদ্দির ছেলে আলমগীর ইসলাম এবং মশলাপাড়া গ্রামের খালেকের ছেলে আলম বাদশা।
পরে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।