মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ
ছবিঃ সংগৃহীত।
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার এলাকায় একটি অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ও সরঞ্জাম জব্দ করেছে। সোমবার পরিচালিত এ অভিযানে কারখানাটি থেকে মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ৭ হাজার ৫০০টি রিল, মনোফিলামেন্ট সুতাসহ প্রায় ২ হাজার ৫০০টি ববিন এবং প্রায় ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও সংশ্লিষ্ট মালামাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।