ঝিনাইদহে সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ
ফাইল ছবি
ঝিনাইদহের শৈলকুপায় নসিমন ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নসিমনচালক সাব্বির হোসেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী মনোয়ার হোসেন নসিমনে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে আসছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাদপুর ড্রাগণ বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার হোসেন।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত নসিমন চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নসিমন চালককে চিকিৎসা দেওয়া হচ্ছে।