এক জাহাজেই ২০ লাখ ডলার টোল ইরানের! বাণিজ্যে কী আসছে বড় ধাক্কা

এক জাহাজেই ২০ লাখ ডলার টোল ইরানের! বাণিজ্যে কী আসছে বড় ধাক্কা

ফাইল ছবি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালিতে এবার নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করছে ইরান।এই সমুদ্রপথে চলাচল করতে হলে এখন থেকে জাহাজগুলোকে তেহরানের পূর্বানুমতি নিতে হবে এবং নির্দিষ্ট টোল পরিশোধ করতে হবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি যাচাইকরণ ও নিবন্ধন পদ্ধতি চালু করা হচ্ছে। এর আওতায় জাহাজগুলোকে আগে থেকেই নিবন্ধন করে অনুমতি নিতে হবে।

সাম্প্রতিক সময়ে ইরান এই কৌশলগত জলপথে একটি নির্বাচিত অবরোধ আরোপ করেছে। এর ফলে নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। ভারত, পাকিস্তান, ইরাক, মালয়েশিয়া, চীনসহ কয়েকটি দেশ ইতোমধ্যে ইরানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালাচ্ছে।

সামুদ্রিক বিশ্লেষণ সংস্থা লয়েডস লিস্ট জানায়, বুধবার পর্যন্ত অন্তত ৯টি জাহাজ ইরানের লারাক দ্বীপের পাশ দিয়ে নির্ধারিত করিডোর ব্যবহার করে চলাচল করেছে।

একটি ট্যাঙ্কার চলাচলের অনুমতি পেতে প্রায় ২০ লাখ মার্কিন ডলার টোল দিয়েছে বলেও জানা গেছে।

আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক আইন বিশেষজ্ঞ অ্যালেক্স মিলস বলেন, এই পদ্ধতি স্বল্পমেয়াদে কার্যকর হতে পারে, তবে বীমা, নিরাপত্তা ও নিষেধাজ্ঞার কারণে এটি বড় বাধার মুখে পড়তে পারে। তিনি মনে করেন, ইরানি জলসীমা ব্যবহার, বন্দরে ভেড়া এবং পণ্যের গন্তব্য প্রকাশের শর্ত জাহাজগুলোর জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।

চলমান সংঘাতের মধ্যে জাহাজগুলোর জন্য এটি একটি ঝুঁকিপূর্ণ বাস্তবতা হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।