খিলগাঁওয়ে অস্ত্রসহ দুইজন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

খিলগাঁওয়ে অস্ত্রসহ দুইজন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রবিবার (২২ মার্চ) ভোরে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েমের নেতৃত্বে একটি দল একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ সাফায়েত কবির (৪২) ও সবুজ মিয়া (২৫)কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিসি হারুন অর রশীদ জানান, গ্রেফতার সাফায়েত কবিরের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদক আইনে চারটি মামলা রয়েছে। এছাড়া সবুজ মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও চুরি সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।