দুই বন্ধু যাচ্ছিলেন কক্সবাজার, ফিরলেন লাশ হয়ে

দুই বন্ধু যাচ্ছিলেন কক্সবাজার, ফিরলেন লাশ হয়ে

সংগ্রহীত ছবি

ফেনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জের দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন। কক্সবাজারে ভ্রমণে যাওয়ার পথে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহতদের লাশ ফিরছে।

রবিবার (২২ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সিংলাবো এলাকার ইয়ামিন এবং আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার উজ্জ্বল বিশ্বাস। ইয়ামিন স্থানীয় গাউসিয়া মার্কেটে স্টার টেইলার্সের মালিক ছিলেন। অপরদিকে উজ্জ্বল বিশ্বাস একটি জুতা কারখানায় কর্মরত ছিলেন এবং সিংলাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ঈদের রাতে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

পথে ভোরের দিকে ফেনীর রামপুর এলাকায় সড়ক সংস্কারকাজ চলায় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে চলছিল। এসময় পেছন থেকে একটি শ্যামলী পরিবহনের বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে সেখানে যানজট সৃষ্টি হয়।

পরে, ওই দুর্ঘটনা দেখতে মোটরসাইকেল থামালে চালকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ অবস্থায় পেছনে মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন আটকা পড়ে।

ঠিক তখনই দ্রুতগতির একটি দোয়েল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়লে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ তিনজন নিহত হন, যাদের মধ্যে ইয়ামিন ও উজ্জ্বলের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনায় আহত মাহমুদুল হাসান দিপু ও নাজমুল হাসানসহ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ নিজ নিজ এলাকায় নিয়ে দাফন ও সৎকার সম্পন্ন করা হয়েছে।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. সাবজেল হোসেন জানান, ঘটনাস্থল ফেনী হওয়ায় পরিবারের পক্ষ থেকে চাইলে সংশ্লিষ্ট থানায় আইনি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।