গৌরনদীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতিকি ছবি
বরিশালের গৌরনদীতে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) এবং আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)। মৃত রমজান ও মোহাম্মদ সম্পর্কে মামাতো ও ফুফাতে ভাই।
নানা মোশারফ হাওলাদার জানান, মেয়ে আয়শার সঙ্গে নাতি মোহাম্মদ মৃধা বাড়িতে বেড়াতে এসেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ছেলের ঘরে নাতি রমজান ও মোহাম্মদ বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সকাল ১০টার দিকে পাশের মাদারিপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মো. সাহতা জারাব সালেহিন জানান, হাসপাতালের আনার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।