গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৬ জেলে

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৬ জেলে

সংগৃহীত ছবি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, কক্সবাজারের উখিয়া সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার জলসীমা থেকে তাদের মিয়ানমার কোস্টগার্ড আটক করে নিয়ে গেছে। ঘটনার এক সপ্তাহ পার হলেও তাদের কোনো সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে উপকূলীয় জেলে পল্লীর পরিবারগুলোর।

জানা গেছে, গত ২২ মার্চ ‘মা-বাবার দোয়া’ নামের একটি ট্রলার নিয়ে ১৬ জন জেলে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হন। ট্রলারে থাকা জেলেদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৯ জন, নোয়াখালীর ৩ জন, চট্টগ্রামের ৩ জন এবং ভোলার ১ জন রয়েছেন।

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, গত ২৮ মার্চ তাদের সঙ্গে শেষবার মুঠোফোনে কথা হয়। তখন জেলেরা জানান, তারা মিয়ানমার কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন এবং সেখানে খাদ্য সংকট ও অমানবিক পরিস্থিতিতে রয়েছেন। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।

রামগতির চরপোড়াগাছা জেলে পল্লীতে গিয়ে দেখা যায় পরিবারে চলছে শোকের মাতম। নিখোঁজ জেলেদের ফিরে আসার অপেক্ষায় নদীর তীরে পথ চেয়ে আছেন তাদের স্বজনরা। অনেক পরিবারই এসব জেলের আয়ের ওপর নির্ভরশীল। উপার্জনক্ষম সদস্যরা নিখোঁজ থাকায় পরিবারগুলো মানবিক সংকটে পড়েছে।

ট্রলার মালিক পক্ষ জানায়, জেলেদের উদ্ধারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। জেলেদের ফিরিয়ে আনতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্থানীয় সমাজকর্মী মো. রাসেল বলেন, জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক তৎপরতা জোরদার করা জরুরি।

লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা বলেন, বিষয়টি তাদের জানা আছে এবং নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।