এক মাসেও সন্ধান মেলেনি ফেরিওয়ালা রফিকুলের, পরিবারের আকুতি
সংগৃহীত ছবি
খাগড়াছড়িতে নিখোঁজ মো. রফিকুল ইসলামের সন্ধানে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলামের স্ত্রী মোছা. হাবিবা আক্তার জানান, রফিকুল ইসলাম পেশায় একজন ফেরিওয়ালা। ফেরি করে উপার্জন করেই চলতো তাদের সংসার। গত ৮ মার্চ ২০২৬, রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে তিনি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।
এ ঘটনায় পরদিন খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী। কিন্তু দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে খাগড়াছড়ির দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় বসবাস করছিলেন।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলামের দ্রুত সন্ধান পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন তার পরিবার।