নওগাঁর পোরশায় হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

নওগাঁর পোরশায় হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

সংগৃহীত ছবি

নওগাঁ জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলার পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে এর বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এ সময় পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদ এর সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল অফিসার) শ্যামলি রানী বর্মন ও অফিসার ইনচার্জ জিয়াউর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।

আলোচকরা বলেন, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের স্মরনাপর্ন ও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। পর্যাপ্ত পরিমাণ হামের টিকা রয়েছে। এছাড়া অন্য কোন উপজেলার শিশু যেন এখানে টিকা দিতে না আসে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, আক্রান্তের হার বেশি হওয়ায় জেলার পোরশা উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ উপজেলার জন্য ১৮ হাজার ভায়েল আসছে। যা থেকে ৫-৫৯ মাস বয়সী ১৭ হাজার ৭৮০ জন শিশুকে টিকা দেওয়া হবে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে আগামী ঈদুল পর্যন্ত। জেলায় এ পর্যন্ত ১২৫ জন শিশুর হামের উপসর্গ রয়েছে। এখন পর্যন্ত ১০ জন হাম রোগে আক্রান্ত হয়েছে। যাদের বয়স ৫-১০ মাস।

তিনি বলেন, ৫ বছর পরপর হামের বুস্টার ডোজ দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। নিয়মিত হামের টিকা দেওয়া হলেও বুস্টার ডোজ না দেওয়ায় হামের প্রভাব বিস্তারের কারণ হতে পারে। পরবর্তীতে জেলার নিয়ামতপুর উপজেলায় টিকাদান কার্যক্রম চলবে।

এদিকে অভিভাবকরা তাদের সন্তানদের সুস্থ রাখতে টিকা দিতে হাসপাতালে ছুটে এসেছেন।