বিমানের বহর বাড়াতে বোয়িং থেকে লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ মন্ত্রণালয়ের
সংগৃহীত ছবি
দেশের আকাশপথে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বোয়িং থেকে নতুন বিমান লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রবিবার (৫ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িং-এর ভাইস প্রেসিডেন্ট পল রিঘি।
এদিন বেলা সাড়ে ১১টায় মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোয়িং-এর চুক্তি-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক চলাকালীন দেশের বিমান চলাচলের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় বোয়িং থেকে লিজের ভিত্তিতে বিমান সংগ্রহের প্রস্তাব নিয়ে ফলপ্রসূ আলাপ হয়। এ সময় বোয়িং-এর ভাইস প্রেসিডেন্ট পল রিঘি তাদের ন্যারো বডি এয়ারক্রাফট, বিশেষ করে বি৭৩৭ সিরিজের বিমানগুলো লিজ দেওয়ার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। আলোচনা শেষে মাননীয় মন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় এবং যাত্রীসেবা উন্নত করতে যত দ্রুত সম্ভব বোয়িং থেকে বিমান লিজ নেওয়ার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে