চট্টগ্রামে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৈখাইন গ্রামে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

নিহত কিশোরীর নাম নুরতাজ আক্তার (১৬)। তিনি একই এলাকার আজাদুল ইসলামের মেয়ে।

দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল বড়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নুরতাজের মা শাহনাজ বেগম ওই বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কাজে যান। ওই কাজ সেরে তিনি ঘরে এসে দেখেন, নুরতাজের মরদেহ সিলিং ফ্যানে ঝুলছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।