ইসরায়েলের সাথে সমঝোতা প্রত্যাখান হিজবুল্লাহর

ইসরায়েলের সাথে সমঝোতা প্রত্যাখান হিজবুল্লাহর

নাইম কাসেম

ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা আলোচনা করতে রাজি নয় হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাসেম স্পষ্ট করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক উদ্যোগ অর্থহীন এবং এর কোনো ফল নেই।

সোমবার এক বক্তব্যে নাইম কাসেম বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করা সম্পূর্ণ অসার। তিনি এটিকে ‘নিরর্থক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, লেবাননের সব পক্ষের সম্মতি ছাড়া কেউ দেশকে এমন পথে (ইসরায়েলের সঙ্গে আলোচনায়) নিতে পারে না।

এ ধরনের কোনো ঐকমত্য এখনো হয়নি বলেও জানান তিনি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে উদ্দেশ করে তিনি বলেন, ইসরায়েল লেবাননের জনগণের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। নাইম কাসেম আহ্বান জানান, আগে সবাই মিলে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরপর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা যেতে পারে।

এদিকে ইসরায়েল শিগগিরই লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে চায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লাইতার এবং লেবাননের প্রতিনিধি নাদা হামাদেহ মোয়াওয়াদের মধ্যে এটা নিয়ে প্রথমবার ফোনে কথা হয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল একটি বড় সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। তার দাবি, এই পরিকল্পনার লক্ষ্য পশ্চিম তীর, গাজা এবং পার্শ্ববর্তী কিছু দেশের অংশ নিজেদের দখলে নেওয়া।

তিনি বলেন, ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে। এ অবস্থায় কূটনীতি কোনো ফল দিবে না।
হিজবুল্লাহর যোদ্ধারা এই দখল প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে বলেও জানান তিনি।