নিখোঁজের দুইদিন পর বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে নারীর মরদেহ

নিখোঁজের দুইদিন পর বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে নারীর মরদেহ

প্রতিকি ছবি

নিখোঁজের দুইদিন পর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে মোছা. খুকী আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত খুকী আক্তার উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি খুনিয়াপাড়া গ্রামের নবী হোসেনের স্ত্রী।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান খুকী আক্তার। পরদিন ভোরে ঘুম থেকে উঠে স্ত্রীকে ঘরে না পেয়ে স্বামী নবী হোসেন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

পরে শনিবার দুপুরে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মরদেহে আঘাত ও ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।