নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফাইল ছবি

নবাগ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি রাত সাড়ে ৮টার দিকে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল।

নিহতরা হলেন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামের বাসিন্দা ট্রাকচালক মো. আল আমিন (৫৫) এবং বরিশালের বাসিন্দা নার্সারি ব্যবসায়ী মো. ফয়সাল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে গাছের চারা সরবরাহ করতেন। শুক্রবার ভোরে ট্রাকে করে চারা নিয়ে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

এ সময় দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে দুজনেরই মৃত্যু হয়।

এ সময় ট্রাকের সামনের আসনে থাকা আরও একজন গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

এসআই মিল্টন মন্ডল জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।