রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে: সড়কমন্ত্রী

রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটরিয়ামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের ‌‘মিলনমেলা যোগাযোগ’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সময় আরও বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে আমি যে সাংবাদিকতা দেখি, তাতে বর্তমানে দেশে জরাজীর্ণ ও দায়বদ্ধহীন সাংবাদিকতা চলছে। কিন্তু সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা যদি সাংবাদিকতায় আসতেন, তবে সাংবাদিকতার যে দৈন্যদশা চলছে সেটা থাকত না।

তিনি বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা সীমাহীন না—এটা সত্য। তবে সীমা কতটুকু? কাউকে না কাউকে তো সীমা নির্ধারণ করতে হবে’।

যোগাযোগ উৎসবের শেষাংশে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।