প্রথমবারের মতো ‘পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
সংগৃহীত ছবি
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) উড়িষ্যা উপকূলে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) প্রথম পরীক্ষা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এটি অগ্নি-৬ ক্ষেপণাস্ত্র কি না তা নিশ্চিত হওয়া না গেলেও এটি আইসিবিএম শ্রেণির অন্তর্ভুক্ত।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০ হাজার কিলোমিটারের বেশি বলে দাবি করা হয়েছে।
এর মাধ্যমে ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হলো বলে ধারণা করা হচ্ছে।
উৎক্ষেপণের কয়েক দিন আগে ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত জানিয়েছিলেন, সরকারের অনুমতি পেলেই তারা অগ্নি-৬ নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত। এই প্রযুক্তির সফল পরীক্ষা ভারতের রকেট প্রপালশন, গাইডেন্স সিস্টেম এবং রি-এন্ট্রি প্রযুক্তিতে সক্ষমতার প্রমাণ দেয়।
এদিকে বিজেপি তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানায়, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার অগ্নি-৬ ভারতকে শক্তিধর দেশ হওয়ার দিকে নিয়ে যাচ্ছে।
বর্তমানে রাশিয়ার কাছে ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার সারমাট এবং চীনের কাছে ১৫ হাজার কিলোমিটার পাল্লার ডিএফ-৪১ ক্ষেপণাস্ত্র রয়েছে।
ভারত এখন বিশ্বের সেই গুটিকয়েক দেশের তালিকায় যুক্ত হলো যাদের কাছে এমন উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে।